খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২২ই মে ২০২৩, ২:৫২ পিএম

সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী দুই এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। রোববার (২১ মে) রাত ৮টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা ব্রিজের ওপর ঘটে এই দুর্ঘটনা।

নিহতরা হলো সাতক্ষীরার পাটকেলঘাটা থানার সরুলিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে আকাশ (১৬) ও একই গ্রামের নিমাই মন্ডলের ছেলে অঙ্কুশ মণ্ডল (১৭)। তারা দুজনই পাটকেলঘাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্র। সবশেষ রোববারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল তারা।

নিহতদের প্রতিবেশী ও পাটকেলঘাটা হারুণ-অর-রশিদ কলেজের শিক্ষক নাজমুল হক জানান, আকাশ ও অঙ্কুশ মণ্ডল একটি মোটরসাইকেলে সাতক্ষীরা থেকে পাটকেলঘাটার সুরুলিয়া গ্রামের নিজেদের বাড়ি যাচ্ছিল। রাত ৮টার দিকে বিনেরপোতা ব্রিজের ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আকাশ ও অঙ্কুশ ঘটনাস্থলেই নিহত হয়।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) তারেক ফয়সাল ইবনে আজিজ জানান, খবর পেয়ে সাতক্ষীরা থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। মোটরসাইকেলটি ট্রাকের ধাক্কায় চ্যাপটা হয়ে গেছে । ট্রাকটি মোটরসাইকেলে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়েছে।
মন্তব্য